আলোচিত নির্বাচন কমিশন (ইসি) আইন পাশের সময় কথা বলতে বলতে একপর্যায়ে ক্লান্ত হয়ে পানি পান করতে হয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে। এরমধ্যেও রসিকতা ছাড়েননি তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবারের অধিবেশনে নির্বাচন কমিশন গঠনের আইন পাশ হয়।
বিল পাশের সময় বিরোধী সংসদ সদস্যের বিভিন্ন সমালোচনার জবাব দেন আইনমন্ত্রী। এ সময় আধ ঘণ্টার বেশি সময় বক্তব্য দেন মন্ত্রী। একপর্যায়ে বলেন, আমাকে পানি খেতে হবে। এর কিছু পরে সংসদ কক্ষের কর্মচারী পানি এনে দেন মন্ত্রীকে।
স্পিকারের অনুমতি নিয়ে পানি পান করে রসিকতা করে তিনি বলেন, অনেকদিন পর এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন। এ সময় সংসদ কক্ষে হাসির রোল পড়ে যায়। পরে মন্ত্রী আবারো বলেন, আমি আগেই বলেছি- এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন।