প্রাণ

রোগী দেখতে এসে প্রাণ গেল এক পরিবারের তিনজনের

রোগী দেখতে ঢাকায় এসে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী। চট্টগ্রামে প্রেমিকাকে ড্রাইভিং শেখানোর সময় কারচাপায় পথচারী ও মাদারীপুরে পিলারে মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে।

এছাড়া বিভিন্ন স্থানে সড়কে নিহত হয়েছেন আরও ১০ জন। বরিশালের আগৈলঝাড়ায় ১০ জন আহত হয়েছেন। যুগান্তর প্রতিবেদক, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজধানী : যাত্রাবাড়ীর মাতুয়াইলে শুক্রবার সকালে বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা বরিশাল থেকে রোগী দেখতে ঢাকায় এসেছিলেন। এ দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আহত হয়েছেন দুজন।

নিহতরা হলেন-আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন আক্তার (৩৫) এবং শারমিনের স্বামী রিয়াজুল (৪৫)। আহত হয়েছেন শারমিনের মেয়ে শাকিরা আক্তার মিষ্টি (৬) ও অটোরিকশাচালক রফিক (৪২)। শিশু মিষ্টি জানে না তার বাবা-মা বেঁচে নেই। 

যাত্রাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ সরকার জানান, শুক্রবার সকালে মাতুয়াইলে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের সড়কে ঢাকা থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহণের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে এলে তিনজন মারা যান। শিশু ও অটোরিকশাচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। ময়ানতদন্তের পর তিনটি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিকটাত্মীয় সাখাওয়াত হোসেন হানিফ যুগান্তরকে বলেন, আব্দুর রহমানের বাড়ি বরিশালের উজিরপুরের মশাং গ্রামে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। তার স্ত্রী সাহিদা বেগম ক্যানসারে আক্রান্ত। তিনি ৩ দিন ধরে মহাখালীর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন।

ভোরে সদরঘাটে লঞ্চ থেকে নেমে একটি সিএনজি অটোরিকশায় মাতুয়াইলে ছেলে ইউনুসের বাসার উদ্দেশে রওয়ানা হন। পথে মাতুয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় রাজিব (৩৮) নামের এক সিএনজি অটোরিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা গেছেন। 

ফতুল্লা (নারায়ণগঞ্জ) : চাকরির ইন্টারভিউ দিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে বাসায় ফেরার পথে ট্রাকচাপায় নিহত গৃহবধূর নাম সুমাইয়া আক্তার সাবি (২৬)।

ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের পাগলা তালতলা এলাকায় শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার সাবি জেলার সদর থানার সৈয়দপুর কড়ইতলা এলাকার হাজী আইনুল হকের মেয়ে ও আলমগীর হোসেনের স্ত্রী। ঢাকার চাকরির ইন্টারভিউ শেষে স্বামীর মোটরসাইকেলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। 

মাদারীপুর ও টেকেরহাট (মাদারীপুর) : সদর উপজেলার ধুরাইলে পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মিঠাপুর শেখপুর সড়কের ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ সেতুর উত্তর পাড়ে চাছার এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো-মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৭) ও একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে নাঈম ফরাজী (১৮)। তারা দুজনই জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

চট্টগ্রাম : প্রেমিকাকে ড্রাইভিং শেখানোর সময় চট্টগ্রামে প্রাইভেটকারচাপায় নিহত পথচারী টিটু আলম (৩৩) নামের এক পথচারী নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বায়েজিদের লিংক রোডে এ ঘটনা ঘটে। রাউজান নোয়াপাড়া এলাকার আশরাফুল ইসলাম অভি তার প্রেমিকাকে ড্রাইভিং শেখানোর সময় গাড়িটি দুই পথচারীকে চাপা দেয়। 

ভেড়ামারা (কুষ্টিয়া) : ভেড়ামারা মধ্য বাজারের মুদি ব্যবসায়ী নয়ন দোকানদারের ছোট ভাই উজ্জ্বল (৩৫) ট্রাকচাপায় নিহত হয়েছেন। তিনি মধ্য সাতবাড়ীয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত ১২টার দিকে ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া মিরপুরে ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী সিয়াম (১৮)। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার আজমতপুর ও লক্ষিধদিয়া গ্রামের মাঝামাঝি হাওয়াখালি মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। সিয়াম চকধূপইল গ্রামের দাউদের ছেলে। 

নওগাঁ : পত্নীতলার কমরজাই নকুচা এলাকায় ট্রাক্টরচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে নজিপুর-সাপাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার দিবর ইউনিয়নের বড় মহারন্দি গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৬০) ও একই গ্রামের জুয়েল রানার স্ত্রী বুলবুলি আক্তার (৩৫)।

নীলফামারী : উলটো পথে চলা ট্রাকচাপায় নিহত পোশাক শ্রমিক নুরুন্নাহার বেগম (২৮) সদর উপজেলার ভাঙ্গা মাল্লিরহাট এলাকার ট্রাক ড্রাইভার মোস্তাফার স্ত্রী।

বৃহস্পতিবার রাত ৮টায় শহরের প্রধান সড়কের কালীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি দেবর ফরিদ আহমেদের মোটরসাইকেলে ঢাকা কোচ কাউন্টারে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। এতে ক্ষুব্ধ জনতা দুই ঘণ্টা প্রধান সড়ক অবরোধ করে রাখেন। 

বাঘা ও গোদাগাড়ী (রাজশাহী) : বাঘায় গরু বহনকারী ভটভটি উল্টে নিহত ব্যবসায়ী নুরুজ্জামান হাবু (৬০) লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের মোবারক হোসেন প্রামানিকের ছেলে। দুর্ঘটনায় দুজন আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চন্ডিপুরের তিনখুটি এলাকার পাইকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে লিমন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সে বিদিরপুর মাদ্রাসা মোড় এলাকার লুৎফর রহমানের ছেলে। 

কুমারখালী (কুষ্টিয়া) : কুমারখালীতে মাইক্রোবাসচাপায় নিহত মানসিক প্রতিবন্ধী সহিদা খাতুন (৫৫) নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল আলাউদ্দিন নগর এলাকার মৃত ইয়াসিন শেখের মেয়ে । কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে শুক্রবার সন্ধ্যায় চড়াইকোল আলাউদ্দিন নগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

বাউফল ও পটুয়াখালী দক্ষিণ : বাউফলে ট্রলির ধাক্কায় নিহত পথচারী সাজাহান হাওলাদারের (৫৫) বাড়ি কাছিপাড়া ইউনিয়নের আনারকলি গ্রামে। শুক্রবার দুপুরে উপজেলার কাছিপাড়া চৌরাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজাহান হাওলাদার পেশায় একজন ঘটক। 

আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় ইজিবাইক ও অটোভ্যানের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের জোবারপাড়ে এ দুর্ঘটনা ঘটে।